Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

০১ মে ২০২৬, ০৪:০৯ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে ফের সবধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান সরকার। এরমধ্যে পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম যথাক্রমে ৬.৫১ রুপি ও ১৯.৩৯ রুপি বাড়ানো হয়েছে।  

বৃহস্পতিবার গভীর রাতে এক প্রেস বিবৃতিতে নতুন দাম ঘোষণা করে পাকিস্তানের জ্বালানি বিভাগ। নতুন মূল্য আজ ১ মে থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, পেট্রোলের মূল্য প্রতি লিটারে ৩৯৩.৩৫ রুপি থেকে বেড়ে ৩৯৯.৮৬ রুপি করা হয়েছে এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) মূল্য প্রতি লিটার ৩৮০.১৯ রুপি থেকে ১৯.৩৯ রুপি বা প্রায় পাঁচ শতাংশ বাড়িয়ে ৩৯৯.৫৮ রুপি নির্ধারণ করা হয়েছে।

এদিকে মূল্যবৃদ্ধির কারণে যাত্রী ও পন্য পরিবহনের খরচের ওপর এর প্রভাব সীমিত করতে পেট্রোলিয়াম শুল্কের হার সমন্বয় করা হয়েছে। পেট্রোলের ওপর শুল্ক প্রতি লিটারে ৩.৮৮ রুপি কমিয়ে ১০৩.৫০ রুপি করেছে এবং ডিজেলের ওপর লিটার প্রতি ২৮.৬৯ রুপি শুল্ক আরোপ করেছে। এর আগে হাই-স্পিড ডিজেলের ওপর কোনো শুল্ক ছিল না।

এছাড়াও মোটরসাইকেল চালক, গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের জন্য জ্বালানি ভর্তুকি এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জারি করা এক বিবৃতি বলা হয়, চলমান সংকটকালে অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য ত্রাণ সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পরিবহন সংস্থাগুলোকে ভাড়া না বাড়ানোর এবং কর্তৃপক্ষকে এই ত্রাণ কার্যক্রমগুলোর কার্যকর তদারকি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

শাহবাজ শরীফ বলেছেন, ‘কোনো অবস্থাতেই জনগণকে একা ছেড়ে দেওয়া হবে না।’ তিনি আশা প্রকাশ করেন যে, আঞ্চলিক পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে এবং জ্বালানির দাম স্থিতিশীল হবে।

এরআগে গত ২ এপ্রিল পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম যথাক্রমে ৪৩ শতাংশ ও ৫৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় পাকিস্তান সরকার। এতে পেট্রোলের মূল্য প্রতি লিটার ৪৫৮.৪১ রুপি এবং ডিজেল প্রতি লিটার ৫২০.৩৫ রুপিতে দাঁড়ায়, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। পরে পেট্রোলিয়াম শুল্ক প্রত্যাহারে ১০ এপ্রিল তেলের দাম কিছুটা কমেছিল, কিন্তু বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে তা আবার বাড়তে শুরু করেছে। 

সূত্র: ডন, জিও নিউজ


এমএইচআর