images

আন্তর্জাতিক

ঝিনুকের খোলসের ছবিতে ট্রাম্পের প্রাণহানির হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ছবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণহানির হুমকি সৃষ্টি করেছে- এই অভিযোগে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি।

২০২৫ সালের মে মাসের ইনস্টাগ্রামে সমুদ্রসৈকতে ঝিনুকের খোলস দিয়ে "86 47" লেখা একটি ছবি পোস্ট কোমি লিখেছিলেন, ‘সৈকতে হাঁটার সময় দেখা চমৎকার সাজানো ঝিনুকের খোলস’।  ইংরেজিতে ‘৮৬’ দিয়ে স্ল্যাং বা অপশব্দ হিসেবে আরেকটি মানে দাঁড়ায় ‘সরিয়ে ফেলা’। এ নিয়ে জনসাধারণের তীব্র প্রতিক্রিয়ার পর কোমি ছবিটি সরিয়ে ইনস্টাগ্রামে আরেকটি পোস্ট করেন।

সেখানে তিনি লেখেন, ‘আজ সৈকত ধরে হাঁটার সময় দেখা কিছু ঝিনুকের ছবি আমি কিছুক্ষণ আগে পোস্ট করেছিলাম, যেটা মনে হচ্ছে রাজনৈতিক কোনো বার্তা ছিল। আমি বুঝতে পারিনি যে কিছু মানুষ এই সংখ্যাগুলোর সঙ্গে সহিংসতার সম্পর্ক দেখেন। এটা আমার মাথায় আসেনি, কিন্তু আমি যেকোনো ধরনের সহিংসতার বিরোধী, তাই আমি পোস্টটি সরিয়ে নিয়েছি।’

তবে কোমির ওই ইনস্টাগ্রাম পোস্টের পরই মামলা করে ট্রাম্প প্রশাসন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ, এই ছবি দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতাকে উৎসাহিত করেছে।

কোমি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, সংখ্যাগুলোর অর্থ তিনি জানতেন না। একইসাথে বিচারপ্রক্রিয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকারও অভিযোগ তুলেছেন তিনি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিচার বিভাগ দীর্ঘদিন ধরে ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত কোমির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে।

বুধবার বিকেলে ভার্জিনিয়ার একটি আদালতে সংক্ষিপ্ত হাজিরার সময় কোমি নিজের পক্ষে কোনো আবেদন করেননি বা কথা বলেননি। তার আইনজীবী প্যাট্রিক ফিটজজেরাল্ড বলেছেন, নির্বাচনী ও প্রতিহিংসাপরায়ণ বিচারের অভিযোগ তুলে কোমি মামলাটি খারিজের আবেদন করবেন। তার দাবি, ট্রাম্পের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কোমির বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি জেনেশুনে ইচ্ছাকৃতভাবে প্রেসিডেন্টের প্রাণহানি ও শারীরিক ক্ষতির হুমকি দিয়েছেন। একইসাথে আন্তঃরাজ্য বাণিজ্যের মাধ্যমে জেনেশুনেই তাকে হত্যার হুমকি পাঠিয়েছেন। প্রতিটি অভিযোগের সর্বোচ্চ শাস্তি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড।

এরআগে মঙ্গলবার এক ভিডিও বিবৃতিতে কোমি বলেছেন, তিনি এসব অভিযোগের বিরুদ্ধে লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘এখানেই এর শেষ না—কিন্তু আমি এখনো নির্দোষ, আমি এখনো ভীত নই, আর আমি এখনো স্বাধীন ফেডারেল বিচারব্যবস্থার ওপর বিশ্বাস রাখি।’

এদিকে বুধবার কোমির বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প তাকে ‘একজন অসৎ মানুষ’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘অপরাধ সম্পর্কে কেউ যদি কিছু জানে, সে অবশ্যই ৮৬ শব্দটির অর্থ জানে।’ এটি ‘তাকে মেরে ফেলো’ বোঝাতে ব্যবহৃত একটি মাফিয়া শব্দ- দাবি করে তিনি বলেন, ‘উচ্ছৃঙ্খল জনতা যখন কাউকে হত্যা করতে চায়, তখন তারা বলে ওই লোকটাকে ৮৬ করো’।

কোমির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি তিনি নিজের প্রতি হুমকি বলে মনে করেন কি না এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, ‘সম্ভবত, আমার মনে হয় কোমির মতো মানুষরা রাজনীতিবিদসহ অন্যদের জন্য অনেক ঝুঁকি তৈরি করেছে।’

সূত্র: বিবিসি

এমএইচআর