images

আন্তর্জাতিক

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে মানচিত্র শেয়ার ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে এমন সতর্কবার্তার মধ্যেই এই পদক্ষেপ নেন তিনি। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন ট্রাম্প। মূলত ‘IStandWithTrump47’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ছবিটিতে, জলপথটির আসল নামের পরিবর্তে ‘স্ট্রেইট অফ ট্রাম্প’ নামটি ব্যবহার করা হয়েছিল।

image

এদিকে এবারই প্রথম নয় যে ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেছেন। গত ২৭ মার্চ মিয়ামিতে সৌদি-সমর্থিত এফআইআই প্রায়োরিটি বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানানোর সময় ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। 

ট্রাম্প বলেছিলেন, “তাদেরকে (ইরান) ‘ট্রাম্প প্রণালি’ খুলে দিতে হবে— মানে হরমুজ।’

এসময় সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে ট্রাম্প বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করে লুফে নিতে পারে, ‘কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি’।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত তেল-গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দেয় ইরান। হরমুজ প্রণালি সংকীর্ণ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশ্বের মোট তেল-গ্যাস রপ্তানির প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়। 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র–ইরানের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই পারস্য উপসাগরের প্রবেশপথ দিয়ে জাহাজ চলাচল সীমিত হয়ে গেছে। এতে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএইআর