images

আন্তর্জাতিক

‘কোহিনূর হীরা’ ভারতকে ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজাকে আহ্বান মামদানির

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম

বিখ্যাত কোহিনূর হীরা ভারতকে ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্র সফরত ব্রিটিশ রাজা চার্লসের প্রতি আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

বুধবার নিউইয়র্কে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলায় নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতীয় বংশোদ্ভূত মামদানি। 

সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজা চার্লসের সঙ্গে যদি আমার আলাদা করে কথা বলার সুযোগ হয়, তবে আমি তাকে কোহিনূর হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য তাগিদ দেব।’

পরে ওই অনুষ্ঠানে রাজা চার্লসের সঙ্গে মামদানির কথা হয়। তবে মামদানি রাজার কাছে বিষয়টি তুলেছিলেন কি না, সে বিষয়ে তার কার্যালয় কোনো মন্তব্য করেনি। 

প্রসঙ্গত, ১০৫ ক্যারেটের কোহিনুর হীরা বর্তমানে ব্রিটিশ ক্রাউন জুয়েলসের অংশ। এই হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য এর আগে বেশ কয়েকবার যুক্তরাজ্যের কাছে দাবি জানিয়েছে ভারত।

ভারতের দাবি, ১৮৪৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখলের পর সেখানকার ক্ষমতাচ্যুত শিখ নেতার কাছ থেকে কোহিনূর হীরাটি ছিনিয়ে নেয়। এরপর ১৮৫০ সালে তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেলের উদ্যোগে বিশাল এই হীরাটি রানি ভিক্টোরিয়াকে উপহার দেওয়া হয়।

অনেক ভারতীয় মনে করেন, দেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি অত্যন্ত মূল্যবান শিল্পকর্ম। ব্রিটিশদের কাছে কোহিনূর থাকাটা তাদের ঔপনিবেশিক শাসনামলের নিষ্ঠুরতারই প্রতীক।

এদিকে ঐতিহাসিক রাজপ্রাসাদ দেখভালকারী দাতব্য সংস্থা ‘হিস্টোরিক রয়্যাল প্যালেসেস’-এর মতে, ষোড়শ শতাব্দীতে মালওয়ার রাজাদের কাছ থেকে মোগলদের হাতে আসে কোহিনুর হীরা। সেখান থেকে আফগানিস্তানের সম্রাটের হাত ঘুরে কোহিনুর পান পাঞ্জাবের রাজা রণজিৎ সিং। পরে তা ব্রিটিশদের হাতে যায়। 

সূত্র: রয়টার্স

এমএইচআর