আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ভবানীপুর। বেলা ১২টার পর তা চরমে ওঠে। ভোটগ্রহণের সর্বশেষ পরিস্থিতি দেখতে বিজেপির রাজ্য প্রধান শুভেন্দু অধিকারী পৌঁছান জয় হিন্দ ভবনে। আর তাতেই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুভেন্দুকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান শুরু হয়। পাল্টা শুরু হয় ‘জয় শ্রী রাম’ স্লোগানও। এ সময়ে দুপক্ষের কয়েকশো কর্মী সমর্থকের ভিড় সেখানে। শুরু হয় ধস্তাধস্তি।
শুভেন্দুকে ঘিরে তখন কয়েকশো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এসময় শুভেন্দুও পাল্টা ‘জয় শ্রীরাম’ এবং ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান দেন। তারপর কাউকে ফোন করেন তিনি। ফোনে তাকে বলতে শোনা যায়, ‘হুলিগ্যান্স অ্যাটাক মি। বুথ নম্বর ২১৭’।
শুভেন্দুর ফোনের ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায় কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যদের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন শুভেন্দু।
পরবর্তীতে সাংবাদিকদের কাছে শুভেন্দু অভিযোগ করেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাকে মারধরের চেষ্টা করেছেন।
যারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন তাদের বাংলাদেশি মুসলিম হিসেবেও অভিহিত করে শুভেন্দু বলেন, ‘তারা বাংলাদেশি মুসলিম… তারা ভীত। মমতা (নির্বাচনে হেরে) নিশ্চিহ্ন হয়ে যাবেন।’
তিনি আরও বলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রত্যেকেই বহিরাগত।
পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করলে পুলিশ সেখানে লাঠিচার্জ করে উপস্থিতদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। এটি রাজ্যের নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব। অর্থাৎ আজই নির্ধারণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির মুখ শুভেন্দু অধিকারীর ভাগ্য। এই দফায় ভোট হচ্ছে রাজ্যের রাজধানী কলকাতার ১১টি আসনসহ দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে।
সূত্র: টিভি৯, আনন্দবাজার
এমএইচআর