images

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পার হলো রুশ প্রমোদতরী, বাধা দেয়নি ইরান-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পিএম

রাশিয়ার ধনকুবের অ্যালেক্সেই মোরদাশভের মালিকানাধীন একটি সুপারইয়ট বা প্রমোদতরী দুবাইতে রক্ষণাবেক্ষণের পর অবরোধকৃত হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে। ইরান বা যুক্তরাষ্ট্র কেউই এতে আপত্তি জানায়নি। 

মঙ্গলবার মোরদাশভের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৫০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬১০০ কোটি টাকার বেশি) মূল্যের ‘নর্ড’ নামের বহুতল প্রমোদতরীটি কীভাবে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করার অনুমতি পেল তা এখনো স্পষ্ট নয়। যদিও গত ফেব্রুয়ারি মাস থেকে মার্কিন-ইরান সংঘাতের কেন্দ্রস্থলে অবস্থিত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ জলপথটি যান চলাচল কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।

সূত্রটি জানিয়েছে, রুশ পতাকাবাহী প্রমোদতরীটি আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে অনুমোদিত পথ দিয়ে প্রণালীটি অতিক্রম করেছে। ইরান ইয়টটির চলাচলে হস্তক্ষেপ করেনি, কারণ এটি একটি মিত্র দেশের বেসামরিক জাহাজ যা শান্তিপূর্ণভাবে যাতায়াত করছিল। 

অপরদিকে যুক্তরাষ্ট্রও ইয়টটির চলাচল নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, কারণ এটি ইরানের কোনো বন্দরে নোঙর করেনি এবং ইরানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সূত্রটি। যদিও আগে থেকেই এই প্রমোদতরীটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। 

জাহাজ ট্রার্কিং সংস্থা এলএসইজি-র তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী অতিক্রম করার পর বর্তমানে ওমানের উপকূলের কাছে অবস্থান করছে নর্ড। জানা গেছে যে এটির গন্তব্যস্থল হলো সেশেলসের পোর্ট ভিক্টোরিয়া।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত তেল-গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র–ইরানের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই পারস্য উপসাগরের প্রবেশপথ দিয়ে জাহাজ চলাচল সীমিত হয়ে েগেছে। 

সূত্র: রয়টার্স

এমএইচআর