images

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পাড়ি দিল প্রথম এলএনজিবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে দুই মাস ধরে বন্ধ থাকার পর, প্রথম এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পার হয়েছে।

জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

কেপলারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি অ্যাডনক পরিচালিত ‘মুবারাজ’ নামের ট্যাংকারটি ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার এলএনজি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে গত ২ মার্চ যাত্রা শুরু করেছিল। এরপর দীর্ঘ দুই মাস বিরতি দিয়ে অবশেষে গন্তব্যের উদ্দেশ্যে এই নৌপথ পাড়ি দিয়েছে জাহাজটি।

তথ্য বলছে, নিরাপত্তার খাতিরে বা অন্য কোনো কারণে জাহাজটি মার্চের শেষ দিকে টানা এক মাস তাদের ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে সোমবার ভারতীয় উপকূলে পৌঁছানোর পর পুনরায় জাহাজটির সিগন্যাল পাওয়া গেছে।

কেপলারের বিশ্লেষক চার্লস কোস্ট্রাউস তার বিশ্লেষণমূলক নোটে উল্লেখ করেন, ‘সম্ভবত জাহাজটি ১৮ ও ১৯ এপ্রিলের দিকে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ফলে যখন একাধিক জাহাজ (সাতটি এলএনজি ট্যাংকারসহ) প্রণালিটি অতিক্রমের চেষ্টা করে। তবে এটি এখনও নিশ্চিত নয়।’

প্রসঙ্গত, গত মার্চ মাসের শুরুর দিকে এই রুটে চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেবল ‘সোহার’ নামের একটি এলএনজি ট্যাংকার এই প্রণালি অতিক্রম করেছিল। যদিও সেই জাহাজটি খালি ছিল অথবা তাতে খুবই সামান্য পরিমাণ এলএনজি ছিল।

কেপলারের তথ্য বলেছে, গত ১ মার্চ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলবাহী ৭০টিরও বেশি জাহাজ ছেড়ে গেছে, যার বড় একটি অংশ ইরানের বন্দর থেকে যাত্রা করেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত তেল-গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল ইরান। বিশ্বের মোট তেল-গ্যাস রপ্তানির প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়। এতে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে, এতে গুরুত্বপূর্ণ নৌপথ খোলার একটি সম্ভাবনা তৈরি হয়। 

সূত্র: বিবিসি

এমএইচআর