আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ আগামীকাল বুধবার। এই ভোটগ্রহণকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারতের মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর পেট্রাপোলসহ বাংলাদেশ সীমান্ত পথে যাত্রী ও যানবাহন চলাচল সীমিত করছে ভারত।
কর্মকর্তারা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞাটি ২৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলের ক্ষেত্রেও প্রযোজ্য।
উত্তর ২৪ পরগনার জেলা ম্যাজিস্ট্রেট বলেন, গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত উত্তর ২৪ পরগনার যেকোনো নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশে যাওয়ার জন্য মানুষ ও যানবাহন চলাচল এবং বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, ভোটাধিকার প্রয়োগের জন্য ফিরে আসা ভোটার এবং পচনশীল পণ্য পরিবহনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
পেট্রাপোল স্থলবন্দরের এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, এই বিধিনিষেধের লক্ষ্য হলো এমন যেকোনো আন্তঃসীমান্ত চলাচল রোধ করা, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে- বিশেষ করে উত্তর ২৪ পরগনার মতো সীমান্ত জেলাগুলোতে, যেগুলোর বাংলাদেশের সঙ্গে একটি অরক্ষিত সীমান্ত রয়েছে।
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যা এটিকে বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডোর করে তুলেছে। পেট্রাপোল স্থলবন্দর ভারত-বাংলাদেশ বাণিজ্যের একটি উল্লেখযোগ্য অংশ পরিচালনা করে। এই বন্দর দিয়ে সাধারণত প্রতিদিন প্রায় ৭০০ থেকে ১০০০ ট্রাক পারাপার হয়, যেগুলো- পোশাক, সুতা, খাদ্যদ্রব্য, প্লাস্টিক এবং প্রকৌশল পণ্যের মতো সামগ্রী বহন করে। নদিয়া এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে বেশ কয়েকটি ছোট স্থল শুল্ক স্টেশনও আন্তঃসীমান্ত বাণিজ্যে সহায়তা করে, যদিও তা পরিমাণে কম।
তবে নির্বাচনের সময় চোরাচালান এবং অননুমোদিত চলাচলসহ অবৈধ কার্যকলাপ রোধ করতে সীমান্তে নিয়মিত বিধিনিষেধ আরোপ করে কর্তৃপক্ষ, যা ভোট প্রক্রিয়ার অখণ্ডতাকে প্রভাবিত করতে পারে।
এদিকে আগামীকাল ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের সর্বমোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরআগে গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয়, যেখানে ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে, যা রাজ্যে এযাবৎকালের সর্বোচ্চ। আগামী ৪ মে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন।
সূত্র: পিটিআই, ইকোনমিক টাইমস
এমএইচআর