আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করার জন্য রাশিয় সম্ভাব্য ‘সবকিছুই’ করবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এসময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও উপস্থিত ছিলেন।
পুতিন বলেন, ‘আমাদের পক্ষ থেকে, আমরা আপনার (ইরান) স্বার্থে, এই অঞ্চলের সকল মানুষের স্বার্থে যা কিছু করা প্রয়োজন সবকিছু করব, যাতে যত দ্রুত সম্ভব শান্তি অর্জন করা যায়। আপনারা আমাদের অবস্থান ভালোভাবেই জানেন’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের জনগণ যেভাবে সাহসিকতার সাথে ও বীরত্বের সঙ্গে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করছে’-এরও প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, ‘ইরানের মতোই রাশিয়াও আমাদের কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায়।’
Iran’s Foreign Minister, Abbas Araqchi, met with President Vladimir Putin and Foreign Minister Sergey Lavrov pic.twitter.com/4TN135goah
— IRIB (Islamic Republic of Iran Broadcasting) (@iribnews_irib) April 27, 2026
অন্যদিকে পুতিনের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানকে সমর্থনের জন্য মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন এবং উল্লেখ করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এইসঙ্গে রামিয়া ও ইরানের মধ্যকার সম্পর্কের প্রশংসাও করেছেন এবং এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন।
আরাঘচি বলেন, ‘সমগ্র বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে যে, ইরানের জনগণ তাদের প্রতিরোধ ও সাহসের মাধ্যমে মার্কিন হামলা ও আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এই কঠিন সময়ও তারা টিকে থাকতে ও উত্তরণ ঘটাতে পারবে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে, বিশ্ব এখন ইরানের প্রকৃত শক্তি উপলব্ধি করেছে এবং এটা স্পষ্ট হয়ে গেছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি স্থিতিশীল, সুদৃঢ় ও শক্তিশালী ব্যবস্থা।’
সূত্র: আলজাজিরা, ডন
এমএইচআর