আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ এএম
ওয়াশিংটন হিলটন হোটেলে শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউসের নৈশভোজের আয়োজন করা হয়েছিল। একাধিক অস্ত্র হাতে সেখানেই ঢুকে পড়েন ক্যালিফর্নিয়ার ৩১ বছর বয়সি যুবক কোল টমাস অ্যালেন।
ওয়াশিংটন হিলটন হোটেলে হামলার ১০ মিনিট আগেই পরিবারের সদস্যদের কাছে নিজের লিখিত বিবৃতি পাঠিয়ে দিয়েছিলেন কোল টমাস অ্যালেন।
ক্যালিফর্নিয়ার ৩১ বছর বয়সি এই যুবক জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের সব উচ্চপদস্থ কর্মকর্তাকেই তিনি মেরে ফেলতে চান।
কেবল এক ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তাকে ‘হিটলিস্ট’ থেকে বাদ রেখেছিলেন অ্যালেন। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল।
কেন কাশকে ছাড় দিয়েছেন, তার ব্যাখ্যা নেই। তবে বাকিদের উপর কিসের ক্ষোভ, বিবৃতিতে তা বিস্তারিত জানিয়েছেন অ্যালেন।
বহু সাংবাদিক, উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এ ছাড়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও সেখানে ছিলেন। ২৫০০ এর বেশি অতিথিতে ঠাসা হিলটন হোটেলে একাধিক অস্ত্র নিয়ে আচমকা ঢুকে পড়েন বন্দুকবাজ যুবক।
ট্রাম্প যেখানে ছিলেন, নিরাপত্তারক্ষীরা সেখানে পৌঁছোনোর আগেই অ্যালেনকে আটকে দিয়েছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, হামলার ১০ মিনিট আগে পরিবারকে লিখিত ‘ইস্তাহার’ পাঠিয়েছিলেন এই যুবক। পরে তার আত্মীয়ই তা পুলিশের হাতে তুলে দিয়েছেন।
বিবৃতিতে অ্যালেন জানান, কাশ ছাড়া ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা পদমর্যাদা অনুযায়ী তার নিশানায় রয়েছেন। তবে যারা ওই নৈশভোজে যোগ দিয়েছিলেন, তাদের সবাইকেই তিনি অপরাধী বলে মনে করেন।
কারণ সবাই এক ‘বিকৃতমনস্ক, ধর্ষক এবং বিশ্বাসঘাতকের (ট্রাম্প) বক্তৃতা শোনার জন্য সেখানে জড়ো হয়েছেন। অ্যালেন লেখেন, ‘যখন তুমি নিজে বঞ্চিত, তখন এক গালের বদলে অন্য গাল পেতে দেওয়া যায়। কিন্তু শরণার্থী শিবিরে আমাকে কেউ ধর্ষণ করেনি। আমি সেই মৎস্যজীবী নই, যাকে বিনা বিচারে মেরে ফেলা হয়েছে। অন্যেরা যখন নির্যাতিত, নিপীড়িত হয়, তখন অন্য গাল পেতে দেওয়ার কথা বলে না খ্রিস্টিয় আচরণবিধি। সেটা আসলে অপরাধে সহায়তা করার শামিল।’
নাম উল্লেখ না করে তিনি ট্রাম্পকেই ‘নিপীড়ক’ বলে উল্লেখ করেছেন বলে অনেকে মনে করছেন। প্রশাসনের বাকিরা তাকে সেই কাজে সহায়তা করছেন বলে তারাও অ্যালেনের চোখে সমান অপরাধী।
এদিকে, ওয়াশিংটনে নৈশভোজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারাই সম্ভাব্য টার্গেট ছিলেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ।
এতে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত শীর্ষ কোনো নেতা হতাহত হননি। এ খবর জানিয়েছে বিবিসি।
রোববার (২৬ এপ্রিল) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ বলেন, হামলাকারীর উদ্দেশ্য এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে—তার লক্ষ্য ছিল প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিরা।
-এমএমএস