আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ এএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ত্যাগ করেছেন। দেশটি থেকে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আল–জাজিরা জানায়, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছান। গতকাল ইসলামাবাদ থেকে তিনি ওমান সফরে গিয়েছিলেন।
আরাগচি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন।
টেলিগ্রামে ইরানের মন্ত্রণালয় বলেছে, ‘এই সফরের সময় রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ইরান-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে।’
মাত্র দুই দিনের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করেছেন আব্বাস আরাগচি। এদিকে মার্কিন দূতদের ইসলামাবাদ সফর বাতিল হওয়ার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের সম্ভাবনা কমে গেছে।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে দুই দেশের আলোচনা ফোনকলের মাধ্যমে হতে পারে।
এআরএম