আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম
ভারতের নয়াদিল্লিতে উড্ডয়নের সময় একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণের সময় ছয়জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) ভোরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিল্লি থেকে সুইজারল্যান্ডের জুরিখে যাচ্ছিল বিমানটি। ইঞ্জিনে আগুন ধরার পর সুইস এয়ারের ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়। পরে যাত্রীদের নামানোর সময় আহত হন কয়েকজন। ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানটি ২২৮ জন যাত্রী এবং ৪ শিশু নিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থা।
একটি বিবৃতিতে সুইস এয়ার জানিয়েছে, বলা বাহুল্য এ ধরনের ঘটনা যথেষ্ট উদ্বেগের। যাত্রীদের সঙ্গে আমরা যোগাযোগে রয়েছি। তাদের সবরকম সাহায্য করা হবে। গন্তব্যে পৌঁছনোর জন্য যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খুঁজতে শিগগিরই বিশেষজ্ঞদের একটি দল দিল্লিতে পৌঁছাবে।
এফএ