images

আন্তর্জাতিক

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

পাকিস্তানের সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইসলামাবাদ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

পাকিস্তানে নিযুক্ত ইরানি দূতাবাস জানিয়েছে, ইসলাবাদে আগমনের পর শনিবার এটি ছিল ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কার্যকরী বৈঠক। এসময় পাকিস্তানি পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ও অন্যান্য কর্মকর্তারাও অন্তর্ভুক্ত ছিলেন।
ইরানি প্রতিনিধিদলে ছিলেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি, রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

এরআগে নতুন করে শুরু হওয়া কূটনৈতিক তৎপরতা যখন গতি পাচ্ছিল, ঠিক তখনই আরাঘচি শুক্রবার গভীর রাতে ইসলামাবাদে পৌঁছান। তিনি সঙ্গে করে নিয়ে আসেন পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাঠানো পূর্ববর্তী প্রস্তাবগুলোর তেহরানের আনুষ্ঠানিক জবাব। সফরের আগে তিনি ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে যুদ্ধবিরতি ও কূটনৈতিক পথের ওপর আলোকপাত করে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছিলেন।

পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, অভ্যন্তরীণ আলোচনার পর তেহরানের সুচিন্তিত প্রতিক্রিয়া জানানোই ছিল ইরানি মন্ত্রীর এই সফরের প্রধান উদ্দেশ্য।

তেহরান ছাড়ার আগে এক্স-এ একটি পোস্টে আরাঘচি জানিয়েছিলেন, ‘আমার সফরের উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বিষয়ে আমাদের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা এবং আঞ্চলিক ঘটনাবলি নিয়ে পরামর্শ করা। আমাদের প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।’

পাকিস্তান সফর শেষে তিনি ওমান এবং রাশিয়া ভ্রমণ করবেন বলেও জানান ইরানি পরররাষ্ট্রমন্ত্রী। 

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র পাকিস্তানের শীর্ষপদের কর্মকর্তাদের সাথেই বৈঠক করবেন।

তিনি বলেন, ‘ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের মতামত শুধুমাত্র পাকিস্তানকে জানানো হবে’।

বাঘাই আরও বলেন, মার্কিন চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের অবসান এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পাকিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে তাদের চলমান মধ্যস্থতা ও সদিচ্ছার অংশ হিসেবে বৈঠক করবেন আরাঘচি।

সূত্র: ডন

এমএইআর