images

আন্তর্জাতিক

‘ইরানিরা জানেই না তাদের নেতা কে’, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

ইরানের বর্তমান শাসনব্যবস্থার কাঠামো এবং দেশটির ক্ষমতা আসলে কার হাতে রয়েছে, তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।  

পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান তাদের নেতা কে, তা নির্ধারণ করতে খুব হিমশিম খাচ্ছে! তারা জানেই না।’ 

ইরানের ভেতরে কট্টরপন্থী এবং মধ্যপন্থী নেতাদের মধ্যে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে দাবি করে তিনি আরও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে পরাজিত হওয়া ‘কট্টরপন্থী’ এবং মোটেও মধ্যপন্থী নয় (বরং সম্মান অর্জনকারী!) ‘মধ্যপন্থীদের’ মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, যা এক ধরণের পাগলামি!’

পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, “হরমুজ প্রণালির উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মার্কিন নৌবাহিনীর অনুমোদন ছাড়া কোনো জাহাজ এতে প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। যতক্ষণ না ইরান একটি চুক্তিতে পৌঁছাতে পারছে, ততক্ষণ এটি ‘কঠোরভাবে বন্ধ’ থাকবে!!”

প্রসঙ্গত, যুদ্ধ শুরুর প্রথম দিনেই অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর দেশের নতুন সর্বোচ্চ নেতার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়। তবে গত মার্চের শুরুতে নিযুক্ত হওয়ার পর থেকে তাকে এখনো জনসমক্ষে কিংবা সাম্প্রতিক কোনো ভিডিও বা ছবিতে দেখা যায়নি।

দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনাকারীরা মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। তিনি সরাসরি আলোচনার বিষয়ে কোনো কথা বলেননি, তবে তার নামে প্রচারিত সাম্প্রতিক বার্তাগুলোতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে ইরানের শীর্ষ কর্মকর্তাদের যে দলটি, তাতে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে বেশ সক্রিয় ও প্রভাবশালী ভূমিকায় দেখা যাচ্ছে। গালিবাফের সাথে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) গভীর সম্পর্ক রয়েছে।

অন্যদিকে আইআরজিসি যুদ্ধে তাদের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হারানোর পর তারা দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারের পাশাপাশি একটি সমান্তরাল সরকার হিসেবে কাজ করে যাচ্ছে। পেজেশকিয়ান নিয়মিত বিবৃতি দিয়ে যাচ্ছেন, তবে তার হাতে আসলে কতটুকু ক্ষমতা রয়েছে তা নিয়েও প্রশ্ন রয়ে যায়।

সূত্র: আলজাজিরা

এমএইআর