আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম
হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যতদিন ইরান চুক্তি না করবে ততদিন পর্যন্ত প্রণালিটি ‘কঠোরভাবে বন্ধ’ থাকবে বলে হুশিঁয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে এ ঘোষণা দেন ট্রাম্প।
পোস্টে তিনি আরও বলেন, ‘ইরান তাদের নেতা কে, তা বুঝতে খুব হিমশিম খাচ্ছে! তারা জানেই না! যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে পরাজিত হওয়া “কট্টরপন্থী” এবং মোটেও মধ্যপন্থী নয় (বরং সম্মান অর্জনকারী!) “মধ্যপন্থী”-দের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, যা এক পাগলামি!’
ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালির উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মার্কিন নৌবাহিনীর অনুমোদন ছাড়া কোনো জাহাজ এতে প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। যতক্ষণ না ইরান একটি চুক্তিতে পৌঁছাতে পারছে, ততক্ষণ এটি ‘কঠোরভাবে বন্ধ’ থাকবে!!”

পৃথক একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালিতে মাইন পাততে আসা যেকোনো জাহাজকে গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছি, তা ছোট হলেও (তাদের ১৫৯টি নৌ-জাহাজের সবগুলোই সমুদ্রের তলদেশে!)। এ ব্যাপারে কোনো দ্বিধা করা চলবে না। এছাড়াও, আমাদের মাইন ‘সুইপার’গুলো এই মুহূর্তে প্রণালিটি পরিষ্কার করছে। আমি এতদ্বারা এই কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছি, তবে তিনগুণ বর্ধিত মাত্রায়!’।
এদিকে ইরানি নেতৃত্ব নিয়ে ট্রাম্পের পরস্পরবিরোধী বার্তা ও চলমান নৌ অবরোধ আলোচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ বিশ্লেষক।
তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আলী আকবর দারেইনি আলজাজিরাকে বলেন, ইরানের নেতৃত্বের মধ্যে ফাটল ধরার বিষয়ে ট্রাম্পের মন্তব্য একটি ‘বিভ্রান্তিকর ভুল হিসাব’।
তিনি বলেন, ‘মতপার্থক্য সবসময়ই ছিল, কিন্তু ইরান যখন পররাষ্ট্রনীতিতে কোনো কৌশল গ্রহণ করে, তখন ঐক্য দেখা যায়। তবে ট্রাম্পের পরস্পরবিরোধী বার্তাগুলো একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ’।
দারেইনি আরও বলেন, ‘যদি অবরোধ তুলে নেওয়া হয় এবং ট্রাম্প কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, তাহলে আলোচনার পথ খোলা থাকবে।’ একই সঙ্গে ইরানি জাহাজ জব্দ করার ‘জলদস্যুতা’ বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি।
সূত্র: আলজাজিরা
এমএইআর