আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম
মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগরে ইরানের তেল পরিবহনকারী একটি জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গতকাল বুধবার রাতে ভারত মহাসাগরে ইউএসআইএনডিওপিএকম (ইউনাইটেড স্টেটস ইন্দো-প্যাসিফিক কমান্ড)-এর দায়িত্বাধীন এলাকায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাষ্ট্রহীন জাহাজ ‘এমটি ম্যাজেস্টিক এক্স’-কে আটক এবং পরিদর্শনের অধিকার প্রয়োগ করে জাহাজে আরোহণ করেছে মার্কিন নৌবাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অবৈধ নেটওয়ার্কগুলোকে ব্যাহত করতে এবং ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী জাহাজগুলোকে, তারা যেখানেই কার্যক্রম চালাক না কেন, আটক করতে আমরা বিশ্বব্যাপী সামুদ্রিক অভিযান অব্যাহত রাখব’।
শিপ ট্র্যাকিং ডাটাতে দেখা গেছে, ম্যাজিস্টিক এক্স ট্যাংকারটি ভারত মহাসাগরে ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিল।
প্রসঙ্গত, ম্যাজিস্টিক এক্স ক্যারিবিয় দেশ গায়ানার পতাকাবাহী একটি জাহাজ। আগে এটির নাম ছিল ফনিক্স। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিতে ইরানের পক্ষ থেকে জাহাজ জব্দের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এরআগে গতকাল বুধবার হরমুজ প্রণালিতে আইন লঙ্ঘনকারী দুটি জাহাজ আটক করে ইরানের জলসীমায় নিয়ে গেছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনী ।
বুধবার আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে তাদের চলমান সামুদ্রিক নিরাপত্তা অভিযান ও স্মার্ট নিয়ন্ত্রণের অংশ হিসেবে বুধবার সকালে ‘এমএসসি-ফ্রান্সেসকা’ এবং ‘ইপামিনোডেস’ নামে দুটি জাহাজ আটক করেছে।
এতে আরও বলা হয়, জাহাজ দুটির ইসরায়েলের সঙ্গে সর্ম্পক রয়েছে এবং উভয় জাহাজই অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল ও বারবার নিয়মকানুন লঙ্ঘন করছিল। এছাড়াও তারা এমন নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করছিল, যা সামুদ্রিক নিরাপত্তাকে বিপন্ন করছিল।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জাহাজগুলো গোপনে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, তখন কৌশলগত এই জলপথে ইরানি জাতির অধিকার রক্ষার স্বার্থে আইআরজিসি নৌবাহিনীর ইউনিটগুলো সেগুলোকে শনাক্ত করে এবং আটক করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজগুলোকে এখন সেগুলোর পণ্য, নথি এবং সংশ্লিষ্ট রেকর্ড পরিদর্শনের জন্য ইরানের জলসীমায় নিয়ে গিয়ে যথাযথ কতৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়েছে।
আইআরজিসি আরও জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ইরানের ঘোষিত নিয়মাবলী অথবা এই কৌশলগত পথে নিরাপদ নৌচলাচলের পরিপন্থী কোনো কার্যকলাপে জড়িত হলে সেসব জাহাজের বিরুদ্ধে কঠোর এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আলজাজিরা
এমএইআর