images

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না: ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামীকাল বুধবার এবং এরআগে দুই পক্ষ যদি কেনো চুক্তি করতে না পারে, তাহলে আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এরমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না। 

মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন। 

সাক্ষাতকারে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি তা করতে চাই না। আমাদের হাতে এত সময় নেই।’

তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী যুদ্ধবিরতির সময়টিকে সরঞ্জাম মজুত করতে ব্যবহার করেছে এবং তার নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে... আমাদের কাছে প্রচুর গোলাবারুদ, সবকিছুই প্রচুর পরিমাণে আছে… আমরা এটা (যুদ্ধবিরতি) মজুদ পূরণের জন্য ব্যবহার করেছি এবং সম্ভবত তারাও কিছুটা মজুদ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তুত। সেনাবাহিনী অভিযানে নামতে উদগ্রীব।’

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন পাঁচ সপ্তাহব্যাপী চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি ‘চমৎকার চুক্তিতে’ পৌঁছাবে।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আলোচনা করা ছাড়া ইরানি কর্মকর্তাদের তাদের আর কোনো উপায় নেই। আমরা তাদের নৌবাহিনীকে ধ্বংস করেছি, তাদের বিমানবাহিনীকে ধ্বংস করেছি, তাদের নেতাদের নির্মূল করেছি। একটি চুক্তিতে পৌঁছালে ইরান খুব ভালো অবস্থানে আসতে পারে।’ 

 

সূত্র: আলজাজিরা


এমএইচআর