images

আন্তর্জাতিক

‘মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়’, কড়া বার্তা অমিত শাহের

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটের প্রচারণার শেষ ‍দিন আজ। আর শেষ দিনের প্রচারে একটি জনসভা থেকে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিয়ে শাহ বলেন, ‘মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়’।

মঙ্গলবার কুলটি বিধানসভা কেন্দ্রের জনসভা থেকে অমিত শাহের বক্তব্যে উঠে এসেছে নারী সুরক্ষা, সিন্ডিকেট রাজ, আইনশৃঙ্খলা এবং রাজ্যের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতিসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। 

ভাষণের শুরুতেই তিনি স্পষ্ট করে দেন, এই নির্বাচনকে তিনি শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচনের লড়াই হিসেবে দেখছেন না। তিনি ভোটের গুরুত্বকে আরও বৃহত্তর প্রেক্ষাপটে তুলে ধরতে চেয়েছেন—একটি প্রশাসনিক ও সামাজিক পরিবর্তনের আহ্বান হিসেবে।

অমিত শাহ বলেন, ‘এই ভোট আমাদের প্রার্থীকে বিধায়ক করার ভোট নয়। বিজেপি নেতাকে মুখ্যমন্ত্রী করার ভোট নয়। এটা বাংলাকে অনুপ্রবেশ-মুক্ত করার ভোট নয়।’ 

জনসভায় তিনি রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। বিশেষ করে নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাহ বলেন, রাজ্যের নারীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার দাবি, ক্ষমতায় এলে বিজেপি রাজ্যের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করবে এবং তাদের জন্য কঠোর আইন প্রয়োগ করা হবে।

তিনি বলেন, ‘আমাদের সরকার এলে বাংলার মা-বোনেরা নিশ্চিন্তে ঘর থেকে বেরোতে পারবেন, তাদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার হবে।”বিজেপি সংবাদ

এছাড়াও সিন্ডিকেট নিয়ে সরব হন তিনি। অভিযোগ করেন, রাজ্যে সাধারণ মানুষের উপর সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য বাড়ছে এবং এতে প্রশাসনের নীরব সমর্থন রয়েছে। তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে এই সিন্ডিকেট সংস্কৃতির অবসান ঘটানো হবে এবং স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা করা হবে।

ভাষণের শেষাংশে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, ‘মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়।’ এই মন্তব্যে সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এদিকে ভোটের ঠিক আগমুহূর্তে অমিত শাহের এই বক্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য ভোটের আগে বিজেপির আত্মবিশ্বাসের প্রতিফলন। 

প্রসঙ্গত, আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে দুই ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। বিজেপি যদি সেই নির্বাচনে জিততে পারে তাহলে তারা প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতা দখল করবে।

সূত্র: কলকাতা২৪

এমএইচআর