Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা কমাতে চান সিনেটররা

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ এএম

মার্কিন সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমার জানিয়েছেন, ডেমোক্র্যাটরা পঞ্চমবারের মতো যুদ্ধ ক্ষমতা প্রস্তাবে ভোটের দাবি তুলবেন। এই প্রস্তাবের লক্ষ্য হলো ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ বন্ধ করা।

শুমার বলেছেন, ‘যখন আমাদের সেনারা সামনের সারিতে জীবন বাজি রাখছেন, তখন সিনেটের রিপাবলিকানরা একপাশে বসে থাকতে পারবেন না।’

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা তাদের সামনে বারবার এই ভোট আনব। অথবা যতক্ষণ না তাদের মধ্যে যথেষ্ট সাহস জন্মায়, যেন তারা আমাদের সঙ্গে ভোট দিয়ে এই যুদ্ধ থামাতে পারেন।

মার্কিন সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার ক্ষমতা রাষ্ট্রপতির নয়, কংগ্রেসের। এই বিষয়টি মাথায় রেখেই ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই জায়গায়ই বারবার যুদ্ধ ক্ষমতা প্রস্তাব পাস করার চেষ্টা করছেন। এই প্রস্তাব পাস হলে ট্রাম্পকে যেকোনো সামরিক অভিযান শুরু করার আগে কংগ্রেসের অনুমতি নিতে হবে। তবে সিনেট ও প্রতিনিধি পরিষদ, দুই জায়গায়ই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেই সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করেই তারা প্রতিবার এই প্রস্তাব আটকে দিয়েছেন।

এমএমএস