images

আন্তর্জাতিক

ফের যুদ্ধে জড়ালে ট্রাম্পকে ‘তুরুপের তাস’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম

হুমকির মধ্য আলোচনা হয় না এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দ্বিতীয় দফার শান্তি আলোচনার আগে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, চাপ ও হুমকির মুখে কোনো ধরনের আলোচনা ফলপ্রসূ হবে না।

ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সমঝোতা না হলে ইরানে আবারো বোমাবর্ষণ শুরু হতে পারে। পাল্টা জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, ‘আমাদের হাতে এবার একটি তুরুপের তাস এসেছে। নতুন করে যুদ্ধ শুরু হলে আমরা সেটি প্রয়োগ করব।’

দ্বিতীয় দফার শান্তি বৈঠক শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানের পক্ষ থেকে এমন মন্তব্য আসে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, আলোচনার পরিবেশ ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বাগের গালিবাফ বলেন, ‘হুমকির মধ্যে কোনো আলোচনা হয় না। শান্তি বৈঠককে আত্মসমর্পণের টেবিল বানানোর চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনা অব্যাহত রাখা অর্থহীন হয়ে পড়ছে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়ে ইরান যে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, তাও স্পষ্ট করে দেন তিনি। বলেন, ‘আমাদের হাতে একটা নতুন কার্ড এসেছে। ফের যুদ্ধ শুরু হলে, আপনারা সেটা দেখতে পাবেন।’

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইরান নতুন কৌশল নিতে পিছপা হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে নতুন কার্ডটা ঠিক কী, সেই বিষয়ে আর কিছু ভেঙে বলেননি ইরানের পার্লামেন্টের স্পিকার।

বিশ্লেষকদের একাংশের মতে, মূলত দু’টি বিষয়কে কেন্দ্র করেই ঘুরপাক খাবে দ্বিতীয় দফার বৈঠক। প্রথমত, পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় মজুত ইউরেনিয়াম হস্তান্তর করুক ইরান। একই সঙ্গে অন্তত ১২ বছরের জন্য পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখুক তারা। কিন্তু তাদের এমন দাবি মানতে রাজি নন ইরান। দ্বিতীয়ত, হরমুজ প্রণালি। কোনোভাবেই হরমুজ অবরুদ্ধ করে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরান ওমান উপসাগর দিয়ে জাহাজ চলাচলে কিছু শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে।

এমন অবস্থায় ইসলামাবাদে শুরু হতে যাওয়া দ্বিতীয় দফার শান্তি আলোচনার দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার ফল নিয়ে আশাবাদী হলেও ইরান তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘মনে রাখতে হবে, ইরানিরা কোনো ধরনের জোরজবরদস্তির কাছে মাথা নত করে না।’

বিশ্লেষকদের মতে, আলোচনার টেবিলে সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নিতে পারে।

এমআর