আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম
ইরান যুদ্ধ শেষ করতে বেইজিংয়ের প্রচেষ্টা জোরদার করার প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শি জিনপিংকে উদ্ধৃত করে বলেছে, চীন একটি অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের ওপর জোর দিচ্ছে।
সৌদি যুবরাজকে শি বলেছেন, ‘হরমুজ প্রণালি স্বাভাবিক চলাচলের জন্য খোলা থাকা উচিত, কারণ এটি আঞ্চলিক দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষা করে।’
মূলত, কৌশলগত এই জলপথকে ঘিরে নতুন করে সৃষ্ট অস্থিতিশীলতা নিয়ে চীন উদ্বিগ্ন, কারণ যুক্তরাষ্ট্র একটি ইরানি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর এবং তেহরান আপাতত নতুন শান্তি আলোচনায় যোগ না দেওয়ার ইঙ্গিত দেয়ায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়েছে।
ইরানের অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা হলো চীন। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে ইরান মূলত নিজেদের জাহাজ ছাড়া অন্য জাহাজের জন্য প্রণালিটি বন্ধ করে দিয়েছে, অন্যদিকে ওয়াশিংটন গত সপ্তাহ থেকে ইরানি জাহাজের ওপর অবরোধ আরোপ করেছে।
রোববার যুক্তরাষ্ট্র ইরানি জাহাজটি আটক করার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে উদ্বেগ বেড়েছে। এনিয়ে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে।
চীনা প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে আরও বলেন, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ‘তাদের ভবিষ্যৎ ও ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায়’ সমর্থন অব্যহত রাখবে।
সূত্র: রয়টার্স
এমএইচআর