আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম
ভারতের ছত্তিশগড়ে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে, তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা এখনও জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার দুপুরে ছত্তিশগড়ের জশপুর জেলার নারায়ণপুরের রতনপাহি জঙ্গলে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ভূমি থেকে অত্যন্ত কম উচ্চতায়- প্রায় ৩০ ফুট উপরে উড়ছিল এবং সেই সময়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে।
ঘটনার খবর পেয়ে, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে একটি দলকে পাঠিয়েছে।
স্থানীয় পুলিশ সুপার জানিয়েছেন, তিনিও ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। তবে হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
অন্যদিকে জশপুরের কালেক্টর রোহিত ব্যাস জানিয়েছেন, সেখানকার গ্রামবাসীরা মাটি থেকে নিচুতে একটি বিমান উড়তে দেখেছেন। কিন্তু জঙ্গলে বিমান বিধ্বস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ওই কর্মকর্তার মতে, এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ওই অঞ্চলে কোনো বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা অস্বীকার করেছেন।
সূত্র: এনডিটিভি
এমএইচআর