images

আন্তর্জাতিক

মেরামতের পর মার্কিন বিমানবাহী রণতরী লোহিত সাগরে

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মেরামতের পর ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে পৌঁছেছে।

জানা যায়, সুয়েজ খাল পাড়ি দিয়ে লোহিত সাগরে পৌঁছেছে বিশ্বের সর্ববৃহৎ রণতরীটি। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।

রণতরীটির সঙ্গে আরো দুটি মার্কিন ডেস্ট্রয়ার ‘ইউএসএস মাহান’ ও ‘ইউএসএস উইনস্টন এস চার্চিল’ মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বড় এই রণতরী অগ্নিকাণ্ডের শিকার হয়ে মেরামতের উদ্দেশ্যে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে ভূমধ্যসাগরে অবস্থান করছিল।

সংস্কারকাজ শেষে এটিকে আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ কবলিত অঞ্চলের দিকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়।  

তারা আরো জানায়, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো সামরিক প্রস্তুতি জোরদার করা। বিশেষ করে চলমান যুদ্ধবিরতির মেয়াদ না বাড়লে সম্ভাব্য হামলায় ব্যবহৃত হবে রণতরীটি। 

এদিকে, যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারো লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

রোববার (১৯ এপ্রিল) ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ এই সতর্কবার্তা দেন। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও এ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তার এ মন্তব্য সামনে এল।

এদিকে ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, এ অবরোধের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে যেতে পারে। অন্য অঞ্চলের ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

-এমএমএস