images

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার জঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকারী দলগুলো মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

শুক্রবার ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শাফি বলেন, দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি একটি ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা হেলিকপ্টারটির লেজ ও কিছু ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।

পুলিশের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম জাকার্তা গ্লোব এ কথা জানিয়েছে, হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে ছয়জন যাত্রী, একজন পাইলট এবং একজন সহ-পাইলট ছিলেন। সকল ভুক্তভোগীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। শুক্রবার সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলেন। 

শাফি আরও জানান, দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম ভূখণ্ড এবং কম দৃশ্যমানতার কারণে উদ্ধারকার্য ব্যাহত হয়েছিল। বাগান এলাকাটির মালিক ইন্দোনেশীয় পাম তেল কোম্পানি চিত্রা মাহকোটা এবং হেলিকপ্টারটি ছিল ম্যাথিউ এয়ার নুসানতারার।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া তার হাজার হাজার দ্বীপপুঞ্জকে সংযুক্ত করার জন্য বিমান পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে দেশটির বিমান চলাচলের নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে।  সর্বশেষ চলতি বছরের জানুয়ারিদে দেশটির প্রধান দ্বীপ জাভা এবং সুলাওয়েসি দ্বীপের মধ্যবর্তী একটি পাহাড়ি অঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ আরোহী নিহত হয়। 

সূত্র: রয়টার্স

এমএইচআর