আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। অস্ত্রের এ ঘাটতি কমাতে এবার অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাড়াও অন্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন মার্কিন কর্মকর্তারা।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় বেসরকারি উৎপাদন খাতকে কাজে লাগানোর পরিকল্পনা করছে প্রশাসন।
এ লক্ষ্যে অটোমোবাইল নির্মাতাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে সামরিক সরঞ্জাম তৈরিতে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশীয় উৎপাদন সক্ষমতাকে প্রতিরক্ষা খাতে আরও বেশি ব্যবহার করতে আগ্রহী।

এ উদ্যোগের অংশ হিসেবে গাড়ি নির্মাতাদের কারখানা ও প্রযুক্তিকে অস্ত্র ও অন্য সামরিক সরঞ্জাম উৎপাদনে কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ যুদ্ধ বা বৈশ্বিক অস্থিরতার সময়ে দ্রুত উৎপাদন বাড়াতে সহায়ক হতে পারে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থাকে আরও বহুমুখী ও শক্তিশালী করবে।
-এমএমএস