images

আন্তর্জাতিক

আমরা ইরানের পাশে আছি: চীন

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইরানের পাশে আছি। ইরানের সংবাদ সংস্থা ইসনা এই খবর জানিয়েছে।

আরাগচি বলেছেন, উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীতে আমেরিকার ‘উসকানিমূলক কার্যক্রম’ বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।

তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে আমেরিকার অবস্থান পরিস্থিতিকে আরও ‘জটিল’ করে তুলবে। তার মতে, এটি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।

ইসনা জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সংকটের মধ্যে ইরানি জনগণের ‘সহনশীলতার’ প্রশংসা করেছেন।

তিনি আরও বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এবং এই সংঘাতের চূড়ান্ত সমাধান আনতে বেইজিং সাহায্য করতে প্রস্তুত।

অন্যদিকে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে প্রত্যাশা করছে ইসরায়েল। বুধবার (১৫ এপ্রিল) ইসরায়েলি একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ওই তথ্য জানিয়েছে।

ইরানের সঙ্গে সংঘাতের অবসানে চুক্তির বিষয়ে অবগত আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে এবং বিবদমান দুই পক্ষই আলোচনার পরবর্তী দফার জন্য শিগগিরই পুনরায় বৈঠকে বসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তারা বলেছেন, আগামী ২২ এপ্রিল থেকে শেষ হতে যাওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ আরও অন্তত দুই সপ্তাহ বৃদ্ধির লক্ষ্যে মধ্যস্থতাকারীরা কাজ করছেন।

যাতে কূটনীতির মাধ্যমে সংকটের সমাধানের সুযোগ তৈরি হয়। আঞ্চলিক ওই কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে উভয় পক্ষই ‘নীতিগতভাবে একমত’ হয়েছে।

এমএমএস