images

আন্তর্জাতিক

কিয়েভে রুশ হামলায় ১২ বছরের শিশু নিহত, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে কয়েকজন চিকিৎসকও আছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিটসকো। খবর আল জাজিরার।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ক্লিটসকো জানান, বৃহস্পতিবার ভোরে কিয়েভের পোদিলস্কি জেলায় একটি ১৬ তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে। এতে ভবনের একটি অংশে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।

তিনি আরো জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশু ও তার মাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

একই হামলায় কিয়েভের অবোলোনস্কি জেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি অনাবাসিক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটায়। ক্লিটসকো বলেন, আগুনে কয়েকটি গাড়িও পুড়ে গেছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রার রুশ আগ্রাসনের মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়েছিল। শুরুতে রাশিয়া খুব সহজে কিয়েভ দখলের আশা করেছিল; কিন্তু মস্কোর সেই হিসাবে যে মস্ত বড় ভুল ছিল, তা পরে প্রমাণিত হয়।

মস্কোর দ্রুত কিয়েভ–জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়; বরং যুদ্ধ রূপ নেয় দীর্ঘ, ব্যাপক প্রাণঘাতীসহ ক্ষয়ক্ষতিপূর্ণ ও অনিশ্চিত এক সংঘাতে। এই যুদ্ধের শেষ কোথায়, তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এমন বড় যুদ্ধ আর দেখেনি। একই সঙ্গে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ হিসেবেও বিবেচিত হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহতের বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। রাশিয়া ও ইউক্রেন উভয়ে এমন পরিসংখ্যান দিচ্ছে, যেখানে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেখানো হচ্ছে। অন্যদিকে তারা নিজেদের ক্ষয়ক্ষতি কমিয়ে উপস্থাপন করছে। তবু এই পরস্পরবিরোধী পরিসংখ্যানেও ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র ফুটে ওঠে।

এই যুদ্ধে সামরিক জনবল হতাহতের মোট সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছেছে বলে অনুমান করা হচ্ছে।

ইউক্রেনের জেনারেল স্টাফের হিসাবে, শুধু গত বছরই প্রায় ৪ লাখ ১৮ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। আর এই যুদ্ধে রাশিয়ার সেনা হতাহতের মোট সংখ্যা ১২ লাখ ৫০ হাজারের কিছু বেশি।

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) চলতি বছরের শুরুর দিকে বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত রুশ পক্ষের প্রায় ১২ লাখ সেনা হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ৩ লাখ ২৫ হাজার নিহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনের হিসাব মতে, ২০২৬ সালের জানুয়ারিতে আরও ৩১ হাজার ৬৮০ জন রুশ সেনা হতাহত হয়েছেন।

সিএসআইএসের প্রতিবেদন বলছে, এই সংখ্যা অকল্পনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো যুদ্ধে কোনো বৃহৎ শক্তির এত বিপুলসংখ্যক সেনা হতাহতের শিকার হননি।

এমআর