images

আন্তর্জাতিক

পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় আরও ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ এএম

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চালানো হামলায় আরও চারজন নিহত হয়েছেন। গত চার দিনে এটি ছিল সমুদ্রে যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রাণঘাতী অভিযান।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম)। পোস্টের সঙ্গে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আউটবোর্ড ইঞ্জিনযুক্ত একটি নৌযানকে ক্ষেপণাস্ত্র আঘাত করছে এবং মুহূর্তেই সেটি বিস্ফোরিত হয়ে আগুনে ভস্মীভূত হচ্ছে।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের দায়িত্বে থাকা সাউথকম জানিয়েছে, নিহত চারজন ‘নার্কো-সন্ত্রাসী’। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

সংস্থাটির দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়। তবে ওই তথ্যের বিস্তারিত জানানো হয়নি। সাউথকম বলেছে, ‘নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচারের রুটে চলছিল এবং এটি মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।’

গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ধরনের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ১৭৫-এ পৌঁছেছে।

এর আগে গত সোমবার আরেকটি হামলায় দুইজন নিহত হন। তার দুই দিন আগে শনিবার পৃথক দুই হামলায় আরো পাঁচজন নিহত হয়। ওই দুই হামলায় বেঁচে যাওয়া একজনের খোঁজে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড অনুসন্ধান অভিযান স্থগিত করেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো এসব হামলাকে আন্তর্জাতিক জলসীমায় ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করে উদ্বেগ জানিয়েছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল সাধারণ মাছ ধরার নৌকা।

সমালোচকদের মতে, যদি কেউ মাদক পাচারে জড়িতও থাকে, তবে তাদের আইন অনুযায়ী বিচার করা উচিত, প্রাণঘাতী হামলা নয়। সূত্র: আল জাজিরা।

এমআর