images

আন্তর্জাতিক

চুক্তি করতে ‘খুব মরিয়া হয়ে’ উঠেছে ইরান, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম

পাকিস্তানে বৈঠক ব্যর্থ হওয়ার পর চুক্তি করতে ইরান আবারো যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান ‘খুব মরিয়া হয়ে’ ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে চায়। সূত্র: আল–জাজিরা।

ট্রাম্প বলেন, মূল বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অনেক বিষয়ে একমত হয়েছি।’ তবে ইরানের পারমাণবিক সক্ষমতা সংক্রান্ত বিষয়ে একমত হওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। জবাবে ইসরায়েলসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা শুরু করে ইরান। একই সঙ্গে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেয় তেহরান। এতে প্রায় সারা বিশ্বে জ্বালানি নিয়ে অস্থিরতা শুরু হয়। এতে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়। এছাড়া পশ্চিম এশিয়ার এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়।

এমন পরিস্থিতিতে পাকিস্তানসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর ইরানও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। এর ধারাবাহিকতায় যুদ্ধবিরতি চূড়ান্ত করতে গতকাল ইসলামাবাদে আলোচনায় বসে দুই পক্ষ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হোটেলে দুই পক্ষের মধ্যে সরাসরি এ আলোচনা শুরু হয়।

দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকে লেবাননে চলমান ইসরায়েলি হামলা, হরমুজ প্রণালি পরিস্থিতি, ইরানের জব্দ করা সম্পদ ছাড় দেওয়ার প্রসঙ্গসহ নানা বিষয় উঠে এলেও শেষ পর্যন্ত শান্তি আলোচনা সফল হয়নি। এতে নতুন করে উদ্বেগ দেখা দেয়।

এমআর