images

আন্তর্জাতিক

নেতানিয়াহুর সামরিক সচিব রোমান গফম্যান মোসাদের নতুন প্রধান 

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম

ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদে নতুন নির্বাহী প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার (১২ এপ্রিল) তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন তিনি।

মোসাদের নির্বাহী প্রধানের মেয়াদকাল ৫ বছর। বর্তমান নির্বাহী প্রধান ডেভিড বার্নিয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ জুন। সেদিনই বার্নিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন গফম্যান। খবর এএফপির।

বিশ্বের সবচেয়ে পেশাদার, দক্ষ এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত মোসাদ। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতেও মোসাদের প্রভাব গভীর এবং ব্যাপক।

আর এদিকে মেজর জেনারেল গফম্যানের কোনো উল্লেখযোগ্য গোয়েন্দা অভিজ্ঞতা নেই। অতীতে কখনও ইসরায়েলের পক্ষে কোনো গোয়েন্দা তৎপরতায় যুক্ত হয়েছেন— এমন রেকর্ডও নেই। 

কিন্তু তা সত্ত্বেও তাকেই মোসাদের নতুন নির্বাহী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বরেই মেজর জেনারেল গফম্যানকে এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল।

১৯৭৬ সালে বেলারুশে জন্ম নেওয়া রোমান গফম্যান ১৪ বছর বয়সে অভিবাসী হিসেবে মা-বাবার সঙ্গে ইসলায়েলে আসেন। 

১৯৯৫ সালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আর্মোরড কোর বিভাগে যোগ দেন তিনি এবং নিজের একটি দীর্ঘ সামরিক ক্যারিয়ার তৈরি করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী ইসরায়েলে হামলা চালানোর সময় আইডিএফের পদাতিক বিভগের প্রশিক্ষণ কেন্দ্রের একজন কমান্ডার ছিলেন তিনি। 

৭ অক্টোবর হামলার সময় হামাসের সঙ্গে যুদ্ধ করার অভিজ্ঞতা তার আছে এবং সেই যুদ্ধে তিনি গুরুতর আহত হয়েছিলেন।

সেই আঘাত থেকে সুস্থ হওয়ার পর ২০২৪ সালে নেতানিয়াহুর সহকারী হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়োগ পান তিনি। 

মোসাদের প্রধান হিসেবে মনোনীত হওয়ার আগ পর্যন্ত নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে কর্মরত ছিলেন গফম্যান।

-এমএমএস