আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ০১:০০ এএম
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি গ্রাম ও বাজার এলাকায় সামরিক বিমান হামলায় বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, শনিবারের ওই হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। তবে স্থানীয় এক প্রধানের দাবি, নিহত ও আহত মিলিয়ে মোট হতাহতের সংখ্যা প্রায় ২০০।
হামলাটি ইয়োবি রাজ্যের জিল্লি গ্রামে ঘটে, যা বর্নো রাজ্যের সীমান্তবর্তী এলাকা। বর্নো দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের বিদ্রোহে বিপর্যস্ত, যেখানে হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
নাইজেরিয়ার বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা বর্নো রাজ্যের জিল্লি এলাকায় বোকো হারামের যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে বাজারে হামলার বিষয়টি তারা উল্লেখ করেনি।
পরে ইয়োবি রাজ্য সরকার জানায়, ওই এলাকায় একটি বাজারের কাছাকাছি বিমান হামলার ঘটনা ঘটেছে। রাজ্য সরকারের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল দাহিরু আবদুসসালাম বলেন, গুবিও ও গেইদাম এলাকার মানুষরা সাপ্তাহিক বাজারে যাওয়ার সময় এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ইয়োবি স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া গেছে এবং জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অন্তত ২৩ জনকে গেইদাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও অনেকে মাইদুগুরির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বেসামরিক এলাকায় বিমান হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংস্থাটি নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। সূত্র: আল জাজিরা।
এমআর