images

আন্তর্জাতিক

দুই মার্কিন জাহাজের হরমুজ প্রণালি অতিক্রমের দাবি, ইরানের অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল ২০২৬, ০৭:২০ এএম

হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ অতিক্রম করেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এমন দাবি অস্বীকার করেছে ইরান।

সামাজিক মাধ্যম এক্সে (আগের নাম টুইটার) দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বৃহত্তর অভিযানের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ ‘ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন’ এবং ‘ইউএসএস মাইকেল মারফি’ হরমুজ প্রণালি অতিক্রম করে আরব উপসাগরে প্রবেশ করেছে। আগে থেকে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) কর্তৃক পেতে রাখা সামুদ্রিক মাইন থেকে হরমুজ প্রণালিকে পুরোপুরি মুক্ত করা এবং নিরাপত্তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।

মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেন। এই যুদ্ধ শুরু হয় ২৮ ফেব্রুয়ারি।

তিনি বলেন, ‘আজ আমরা একটি নতুন নিরাপদ পথ তৈরির কাজ শুরু করেছি। খুব শিগগিরই এই নিরাপদ রুট সামুদ্রিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করা হবে, যাতে পণ্য পরিবহন স্বাভাবিক থাকে।’

বিশ্ব বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়, পাশাপাশি বিপুল সার ও অন্যান্য পণ্যও এই রুট ব্যবহার করে নেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরান কার্যত এই সংকীর্ণ প্রণালি বন্ধ করে দেয়, কেবল পূর্বানুমোদিত জাহাজ চলাচলের সুযোগ রেখে। এতে বাণিজ্যিক ও সামরিক চলাচল ব্যাহত হয় এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়।

তবে শনিবার ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র মার্কিন দাবিকে ‘জোরালোভাবে অস্বীকার’ করেন।

তিনি বলেন, ‘মার্কিন জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে-সেন্টকমের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার ক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে।’

অন্যদিকে, আইআরজিসি সতর্ক করে বলেছে, অনুমতি ছাড়া কোনো সামরিক জাহাজ প্রণালি দিয়ে চলাচল করলে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

পাকিস্তানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি ইনস্টিটিউটের মহাপরিচালক মারিয়া সুলতান বলেন, ‘ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে মার্কিন নৌবহরের অবাধ চলাচল সম্ভব নয়। সূত্র: আল জাজিরা।

এমআর