images

আন্তর্জাতিক

ইসলামাবাদ থেকে সুখবরের অপেক্ষায় ইরানি জনগণ

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম

তেহরানের রাজপথে এখন সবার মুখে একই প্রশ্ন এবার কি সত্যিই কিছু বদলাতে পারবে? যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ ৪৭ বছরের বৈরিতার পর প্রথমবারের মতো দুই দেশের সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তারা একই টেবিলে বসেছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলছে এই গুরুত্বপূর্ণ আলোচনা।

আলজাজিরার সিনিয়র সাংবাদিক আলী হাশেম তেহরান থেকে জানিয়েছেন, ইরানিরা উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন ইসলামাবাদের দিকে। তিনি বলেন, ‘ইরানের মানুষ এখন শুধু একটাই প্রশ্ন করছেন পাকিস্তান থেকে কী খবর আসছে?’

উভয় পক্ষের মধ্যে মতভেদ এখনও অনেক গভীর। শুধু যুদ্ধবিরতি নয়, স্যাংশন, আঞ্চলিক নিরাপত্তা, লেবাননে চলমান সংঘাতসহ নানা জটিল ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। 

এটি কেবল সাময়িক যুদ্ধবিরতির বিষয় নয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে চলা এই দীর্ঘ শত্রুতার সমাধান খুঁজতে হবে। তেহরানের অনেকেই এখন অপেক্ষায় আছেন, এই বৈঠক কি অতীতে যা কেউ পারেনি, তা পারবে? নাকি আবারও হতাশা ফিরে আসবে?

বৈঠকে ইরানের প্রতিনিধি হিসেবে রয়েছে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধি। পার্লামেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা। দলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফসহ অভিজ্ঞ কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও আইনি উপদেষ্টারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জারেড কুশনারের মতো শীর্ষ কর্মকর্তারা। পাকিস্তান এই বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে।

সূত্র: আলজাজিরা

এসটি/