images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব, ইসরায়েলের সঙ্গে নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম

নির্ধারিত শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ও দীর্ঘ দিনের অমিমাংসিত সব সমস্যার স্থায়ী সমাধান হতে পারে আজকের এই আলোচনায়। তবে ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয় বলে সতর্ক বার্তা দিলেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। 

সামাজিকমাধ্যম এক্সে এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসলামাবাদে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়, তাহলে এমন একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা উভয় পক্ষের পাশাপাশি বিশ্বের জন্যও উপকারী হতে পারে। তবে আলোচনায় যদি ইসরায়েলপন্থি প্রতিনিধিরা উপস্থিত থাকেন, তাহলে কোনো চুক্তি সম্ভব হবে না।’

image
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। 

ইরানি ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘সেক্ষেত্রে প্রতিরক্ষামূলক পদক্ষেপ আগের চেয়েও বেশি তীব্রভাবে অব্যাহত থাকবে, যার ফলে বিশ্বকে আরও বড় মূল্য দিতে হবে।’

এদিকে আজ পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো চুক্তি করতে চায়, তবে তাকে অবশ্যই ইরানের দাবিগুলো মেনে নিতে হবে।

শনিবার ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানি প্রতিনিধি দলের এই নেতা সাংবাদিকদের জানান, ‘ইরান সদিচ্ছা নিয়েই ইসলামাবাদে এসেছে, তবে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা নেই।'

তিনি আরও উল্লেখ করেন, অতীতের আলোচনায় দুই পক্ষের মধ্যে করা প্রতিশ্রুতি পূরণে ওয়াশিংটনের ব্যর্থতাই এই অবিশ্বাসের মূল কারণ।

এরআগে শনিবার (১১ এপ্রিল) ভোররাতে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। তাদের স্বাগত জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

পরে স্থানীয় সময় আজ (শনিবার) সকালে ইসলামাবাদের নূর খান বিমানঘাঁটিতে অবতরণের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল। এ দলে ভ্যান্সের সঙ্গে আছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জামাতা জারেড ক্রুসনার।

সূত্র: বিবিসি, আলজাজিরা
 

এমএইচআর