images

আন্তর্জাতিক

আরব সাগরে বিপদে জাহাজ, বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

উত্তর আরব সাগরে বিপদ সংকেত পাঠানো একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশি নাগরিকসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী।

শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাহায্য চাওয়া জাহাজটি ‘গোল্ড অটাম’ হিসেবে শনাক্ত করা হয়েছে। এর ১৮ নাবিককের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। 

পাকিস্তানের সেনাবাহিনী বলছে, পাকিস্তান উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭০ কিমি) দূরে অবস্থানরত ‘গোল্ড অটাম’ নামের ওই পণ্যবাহী জাহাজ থেকে জরুরি সাহায্য চাওয়া হয়। এরপর পাকিস্তান নৌবাহিনীর মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) এবং পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) তাৎক্ষণিকভাবে সাড়া দেয়। 

পরে পিএনএস হুনাইন নামের পাকিস্তানের নৌবাহিনীর একটি জাহাজকে সহায়তা অভিযানের জন্য মোতায়েন করা হয়, যার মধ্যে ওই জাহাজের নাবিকদের প্রাথমিক চিকিৎসা সহায়তা, অগ্নিনির্বাপণে সহায়তা প্রদান করে। পরবর্তীতে জাহাজের সকল ক্রু সদস্যকে পরবর্তী চিকিৎসা ও নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য নিরাপদে করাচিতে পৌঁছে দেওয়া হয়েছে।

তবে ওই জাহাজ কী ধরনের বিপদে পড়েছিল তা বিস্তারিতভাবে জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি মানবিক অভিযানের সময় ১৮ জন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিএন-এর প্রশংসা করেছেন।

সূত্র: ডন
 

এমএইচআর