images

আন্তর্জাতিক

জামিনে মুক্তি পেলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি

আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম

২০২৫ সালের জি বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জামিনে মুক্তি পেয়েছেন। একই সঙ্গে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও মুক্তি দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ব্যক্তিগত বন্ডে তাদেরকে জামিন দেয় নেপালের সুপ্রিম কোর্টের একটি যৌথ বেঞ্চ।

গত বছর ৮ ও ৯ সেপ্টেম্বরের জেন জি বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে দেশটিতে নতুন সরকারের শপথের পরদিনই গত ২৮ মার্চ ওলি ও লেখককে গ্রেফতার করা হয়। 

নেপালি সংবাদমগুলো জানিয়েছে, গত সোমবার নেপালের সর্বোচ্চ আদালত পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে এই মামলার তদন্ত শেষ করতে নির্দেশ দেয় অন্যথায় ৯ এপ্রিলের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে। আদালত নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্তকারীরা তদন্ত শেষ করতে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার বিচারপতি বিনোদ শর্মা ও সুনীল কুমার পোখারেল তাদের জামিন মঞ্জুর করেন।

কাঠমান্ডু পুলিশের মুখপাত্র পবন কুমার ভট্টরাই বলেছেন, উভয় নেতাকে এই শর্তে মুক্তি দেওয়া হয়েছে যে প্রয়োজনে তারা কর্তৃপক্ষের সামনে হাজির হবেন।

ভট্টরাই জানান, ইতোমধ্যেই অলিকে তার স্ত্রী রাধিকা শাক্যের কাছে এবং ৬২ বছর বয়সী লেখককে তার স্ত্রী যশোদার কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে গত ২৮ মার্চ গ্রেফতারের পর অলিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়, এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, দু'বার কিডনি প্রতিস্থাপন করা অলিকে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ও বৃক্ক বিশেষজ্ঞদের একটি দল পর্যবেক্ষণে রাখছে। 

প্রসঙ্গত, ২০২৫ সালে সেপ্টেম্বরে নেপালে দুর্নীতিবিরোধী এক ভয়াবহ ছাত্র-যুব বিদ্রোহ শুরু হয়, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ওই সময় বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে অন্তত ৭৭ জন নিহত হন।


সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া


এমএইচআর