images

আন্তর্জাতিক

লেবাননে হামলার মাত্রা কমাতে নেতানিয়াহুকে নির্দেশ ট্রাম্পের 

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে লেবাননে ইসরায়েলি হামলার মাত্রা কমাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানিয়েছে, নেতানিয়াহু লেবাননে হামলা অব্যাহত রাখার প্রকাশ্য অঙ্গীকার করার কিছুক্ষণ পরেই গতকাল বুধবার তাকে ফোন করে এই নির্দেশ  দেন ট্রাম্প। 

পৃথকভাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও নিশ্চিত করেছেন, ইরানের সঙ্গে আলোচনায় সহায়তা করার জন্য ইসরায়েল লেবাননের বিষয়ে নিজেদের সংযত করতে সম্মত হয়েছে।

কিন্তু গতকাল লেবাননে ইরান যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় ইসরায়েলি বোমা হামলা চালানো হয়েছে, যা থেকে তেলআবিব যে সংযম দেখাতে রাজি হয়েছে, তার কোনো ইঙ্গিতই পাওয়া যায়নি।

ট্রাম্পের অনুরোধ জানানোর পরের বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনী লেবাননে বোমা হামলা অব্যাহত রেখেছে, যদিও তা আগের দিনের তুলনায় কিছুটা কম তীব্রতায়। 

সর্বশেষ তথ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে অস্ত্রের ডিপো, রকেট লঞ্চার এবং হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালিয়েছে।

এরআগে গতকাল বুধবার মাত্র ১০ মিনিটের মধ্যে রাজধানী বৈরুত ও দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে একসঙ্গে ১০০টিরও বেশি বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এসব হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ২৫০ জন ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ।

মূলত যুদ্ধ-উত্তেজনার স্থায়ী অবসানে পাকিস্তানে রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা আগামীকাল শুক্রবার। তবে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এই বৈঠকটি আদৌ হবে কিনা তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

ইরানের অভিযোগ, যে ১০ দফা শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মধ্যে তিন দফা লঙ্ঘিত হয়েছে। যুদ্ধবিরতির পর‌ও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ তাদের। এ ছাড়া ইরানে ড্রোন হামলার‌ও অভিযোগ তুলেছে তারা। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও শর্তখেলাপ হয়েছে বলে অভিযোগ তেহরানের।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির আওতায় লেবানন পড়ে না, অন্যদিকে তেহরান ও পাকিস্তানি মধ্যস্থতাকারীরা এর বিপরীত দাবি করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘ইরান ও আমেরিকার যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট। হয় যুদ্ধবিরতি, নয়তো ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধ অব্যাহত রাখা। দুটি একসঙ্গে চলতে পারে না। লেবাননের গণহত্যা সমস্ত বিশ্ব দেখছে।’

অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা চালিয়ে যাওয়া ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইসলামাবাদে আলোচনায় ইরানের পক্ষে তারই নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। সেখানে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

সূত্র: টাইমস অব ইসরায়েল


এমএইচআর