images

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, নিন্দার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১৬৫ জন। যদিও যুদ্ধবিরতি মেনে ইসরায়েলে হামলা বন্ধ করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা...  

সিরিয়া

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সিরিয়া এই প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানিয়েছে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং লেবাননের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলো পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার এক বিবৃতিতে বলেন, ইসরায়েল ইতিমধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করে যুদ্ধবিরতির বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে চুক্তির অবমাননা করছে।

ওমান

লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার কঠোর নিন্দা জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে দেশটি।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলা লেবাননের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনের নীতিমালা ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।

রেড ক্রস

লেবাননের জনাকীর্ণ এলাকাগুলোতে ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এই প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে হামলার জন্য নির্দিষ্ট করে কাউকে দায়ী না করলেও আইসিআরসি জানিয়েছে, লেবাননের চিকিৎসা কেন্দ্রগুলোতে আহতদের উপচে পড়া ভিড় সামলাতে তারা স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে।

জাতিসংঘ

লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞের কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। একদিনেই দেশটিতে অন্তত ২৫৪ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।

এক বিবৃতিতে ফলকার টুর্ক বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এমন রক্তপাত অবিশ্বাস্য। এটি বর্তমান ভঙ্গুর শান্তি প্রক্রিয়ার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি।’ তিনি আরও মনে করিয়ে দেন যে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষা করা বাধ্যতামূলক।

এআরএম