images

আন্তর্জাতিক

ইসলামাবাদে আলোচনায় বসছেন ইরানি স্পিকার ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট 

আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পর স্থায়ী সমাধানের জন্য আগামী শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। 

বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ইরানের আলোচক দলের নেতৃত্ব দেবেন দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং মার্কিন প্রতিনিধিদলের প্রতিনিধিত্ব করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। উভয় পক্ষের প্রতিনিধিরা সেখানে মুখোমুখি বসে স্থায়ী যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয় নিয়ে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ১০-দফা প্রস্তাব কাঠামোতে শুধু দেশটির পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তাই নয়, বরং প্রায় ৪৫ বছর পুরোনো ইরানের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞাগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

এরআগে ট্রাম্প ঘোষণা করেন, পাকিস্তানের অনুরোধে তিনি ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। বিনিময়ে ইরান হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ইরান ১০ দফা একটি প্রস্তাব দিয়েছে যা আলোচনার জন্য একটি ‘কার্যকর ভিত্তি’ এবং তিনি আশা করেন যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন একটি চুক্তি চূড়ান্ত ও সম্পন্ন’ হবে।

পরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। এই চুক্তি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

পুরো প্রক্রিয়াটি সফল হয়েছে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতায়। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অস্থায়ী বোঝাপড়া গড়ে উঠেছে।

ট্রাম্প ও ইরানের ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল বিরোধ নিষ্পত্তি ও একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আলোচনার জন্য তাদের প্রতিনিধিদলকে শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে আমন্ত্রণ জানান।

সূত্র: আলজাজিরা

এমএইচআর