images

আন্তর্জাতিক

যুদ্ধ কতদিন চলবে, জানাল ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

ইরানের রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। 

সোমবার (৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই ঘোষণা করেন। 

তিনি বলেন, ‘শত্রুপক্ষকে (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) এই যুদ্ধ শুরু করার জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। কারণ এই যুদ্ধের পর আমাদের এমন এক নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে হবে; যেখানে আর যাতে আমাদের কোনও যুদ্ধের সাক্ষী হতে না হয়।’

আকরামিনিয়া আরও বলেন, ‘ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে প্রকৃত অনুশোচনার মধ্যে ফেলা প্রায়োজন। কারণ এতে প্রতিরোধের মাত্রা এমন পর্যায়ে বৃদ্ধি পাবে যে, তারা আর কখনোই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস করবে না।’ 

image
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া

ইরান আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, হুমকির জবাব দিয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে শত্রুর হুমকি মোকাবিলা করছে উল্লেখ করে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, যুদ্ধের এই পর্যায়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ এবং পরাজয়ের সম্মুখীন হয়েছে।’

এরআগে সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব এবং এর প্রতি ইরানের প্রতিক্রিয়া সংক্রান্ত দাবিগুলোর বিষয়ে বক্তব্য রাখেন।

যুক্তরাষ্ট্রের ১৫-দফা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং এটিকে ‘অযৌক্তিক’ ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করে তিনি বলেন, ‘ইরান পূর্বেই তার অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সময়সীমা বেঁধে দেওয়া বা যুদ্ধাপরাধের হুমকি দিয়ে আলোচনায় বসা যায় না। এ ধরনের পরিস্থিতির সঙ্গে আলোচনা একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।’

বাঘাই বলেন, ‘অস্থায়ী যুদ্ধবিরতির অর্থ হলো একটি সুযোগ সৃষ্টি করা, যাতে শত্রু পক্ষ তাদের শক্তি পুনর্গঠন করে আবারো হামলা করতে পারে। কোনো সুস্থ ব্যক্তিই এমন পদক্ষেপ মেনে নেবে না।’

তিনি আরও বলেন, জাতিসংঘ প্রায়শই শক্তিশালী দেশগুলোর হাতিয়ার হিসেবে প্রমাণিত হয়েছে, তাই নিজেদের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো মোকাবিলা করার সময় আগ্রাসন বন্ধের নিশ্চয়তায় ইরানকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীর মাধ্যমে পাওয়া প্রস্তাবগুলোর পরিপ্রেক্ষিতে তেহরান তার জাতীয় স্বার্থের ভিত্তিতে কিছু নির্দিষ্ট শর্ত নির্ধারণ করেছে এবং তা ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে  বিস্তারিত জানানি তিনি। 

সূত্র: আলজাজিরা, তাসনিম নিউজ

এমএইচআর