আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
সোমবার ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ভোররাতে মার্কিন-জায়নবাদী শত্রুদের এক সন্ত্রাসী হামলায় মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমি নিহত হয়েছেন’। তবে কোথায় বা কীভাবে এই হামলা চালানো হয় সেবিষয়ে অতিরিক্ত কোনো বিবরণ প্রদান করা হয়নি বিবৃতিতে।
এদিকে খাদেমির হত্যার দায় স্বীকার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, ‘আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা’।
প্রসঙ্গত, সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ সময়ই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরই ইরান তা নিশ্চিত করেছে। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর ঘোষণা করেছে।
২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে এক ইসরায়েলি হামলায় গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হলে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন খাদেমি।
সূত্র: আলজাজিরা, বিবিসি
এমএইচআর