আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ এএম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে একটি ভবন ধসে পড়েছে। বিধ্বস্ত ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।
এছাড়া রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন এলাকায় ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এতে মধ্য ইসরায়েলে একাধিকবার সাইরেন বেজে ওঠে এবং জেরুজালেমেও সতর্কতা জারি করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হাইফায় আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্যমতে, ইরানের ক্ষেপণাস্ত্রটি একটি পাঁচ তলা ভবনে আঘাত হানে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, এখনো চার জন নিখোঁজ রয়েছেন। আরো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে দুইজন বয়স্ক এবং একজন শিশু আছে।
হাইফা দমকল ও উদ্ধার পরিষেবার স্টেশন কমান্ডার কোবি মিজরাহি বলেন, ‘ধ্বংসস্তূপের ভেতরে আটকাপড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ধ্বংসের ব্যাপকতা, জটিলতা এবং হতাহতের সংখ্যা বিবেচনায় এটি আমাদের জেলার জন্য এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দৃশ্য।’
এমআর