images

আন্তর্জাতিক

৭ বছর পর ইরানি তেল কিনল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

দীর্ঘ সাত বছর পর আবারও ইরান থেকে তেল কিনেছে ভারত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালি দিয়ে সরবরাহে বিঘ্নের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

ভারতের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির রিফাইনারিগুলো ইরানসহ বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় অপরিশোধিত তেল সংগ্রহ করেছে এবং ইরানি তেল আমদানিতে কোনো ধরনের অর্থ পরিশোধজনিত জটিলতা নেই।

এর আগে, যুক্তরাষ্ট্রের চাপের কারণে ২০১৯ সালের মে মাসের পর থেকে ইরান থেকে আর তেল নেয়নি ভারত। 

তবে সাম্প্রতিক সময়ে সরবরাহ সংকট মোকাবিলায় গত মাসে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করে।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের দাবি, আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় তেলের পূর্ণ চাহিদা ইতোমধ্যেই নিশ্চিত করেছে ভারত। 

দেশটি ৪০টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করে এবং বাণিজ্যিক বিবেচনায় বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহের স্বাধীনতা রয়েছে।

এছাড়া, ইরান থেকে ৪৪ হাজার মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করেছে ভারত। 

নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজে করে আনা এই গ্যাস বুধবার ভারতের বন্দরে ভিড়েছে এবং বর্তমানে তা খালাস করা হচ্ছে।

-এমএমএস