images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩২ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেছেন, তেহরান চলমান যুদ্ধে তার পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগোচ্ছে।

ইরানের সংবাদমাধ্যম ফারসে বিবৃতিটি প্রকাশ করা হলেও ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা সেটা দেখতে পাবে।’

তিনি আরো বলেন, ইরানের দক্ষিণাঞ্চলে তাদের আচরণ ঘটনাপ্রবাহের গতিপথ আমাদের অনুকূলে বদলে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু ‘যথাযথ নয়’ মন্তব্য করেন ইরানের সেতুতে ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকিকে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেন, ‘যুদ্ধবিমান ভূপাতিত হওয়াসহ মার্কিন সামরিক অভিযানের ব্যর্থতার কারণে তিনি (ট্রাম্প) এ হুমকি দিয়েছেন।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।

তারপর থেকে এক মাসের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলেও ইরান ও তাদের ছায়া বাহিনী লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। তিন দেশের মধ্যে চলা এই যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গোটা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে।

এমআর