images

আন্তর্জাতিক

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ এএম

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছতে ইরানের হাতে আর ৪৮ ঘণ্টা সময় আছে, অন্যথায় দেশটিতে ‘নরক নেমে আসবে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ইরানকে ১০ দিন সময় দিয়েছিলাম চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে। সময় ফুরিয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর নরক নেমে আসবে।’

এর আগে গত ২৩ মার্চ প্রথমবারের মতো ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। তিনি তখন সতর্ক করেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই পাঁচ দিনের জন্য সামরিক পদক্ষেপে বিরতি ঘোষণা করেন। পরে ২৭ মার্চ সেই সময়সীমা বাড়িয়ে ১০ দিন করা হয়। বর্তমান ডেডলাইনটি সেই বাড়ানো সময়সীমারই অংশ।

ইরানে যুদ্ধ শুরুর পর গত ৩ মার্চ থেকে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং তেল-গ্যাসের দাম দ্রুত বাড়ছে।

এ অবস্থায় অনেক বিশ্লেষক মনে করছেন, জ্বালানি বাজার স্থিতিশীল করতে হরমুজ প্রণালি খুলে দেওয়া জরুরি। তবে ইরান এ বিষয়ে অনড় অবস্থান নিয়েছে। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে তেল যেতে দেওয়া হবে না বলেও তারা সতর্ক করেছে।

ডেডলাইন শেষ হওয়ার পর ট্রাম্প নতুন করে সময় বাড়াবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে তার এই কড়া অবস্থান পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

এমআর