images

আন্তর্জাতিক

ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে শুক্রবার (৩ এপ্রিল) সারারাত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। 

স্থানীয় সাংবাদিকরা শনিবার সকালে জানান, তেহরানের পশ্চিম এবং পূর্বাঞ্চল লক্ষ্য করে দীর্ঘ সময় হামলা হয়েছে। যেখানে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আল-জাজিরা ও টাইমস অব ইসরায়েলের।

এই হামলা শুধুমাত্র রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না, শিল্প শহর ইস্ফাহানও হামলার জেরে কেঁপে উঠেছে। যেখানে লাখ লাখ মানুষ থাকেন।

আল-জাজিরা জানায়, এখন হামলার ধরন দেখে যা মনে হচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের শিল্প কাঠামোকে টার্গেট করা বাড়িয়ে দিয়েছে।

তেহরান ও ইস্ফাহানের পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে উরমিয়াতে, খোররামাবাদে, কারাজে এবং কোমে। এছাড়া কারাজের বি-১ সেতুতে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে ধারাবাহিক বিমান হামলায় ইসরায়েলি বিমান বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্রে হামলা চালিয়েছে।

আইডিএফ জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ঘাঁটির মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ঘাঁটিও ছিল, যেখানে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মজুত রাখা হতো।

এছাড়াও, আইডিএফ জানিয়েছে যে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র এবং একটি অস্ত্র উৎপাদন, গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে হামলা চালিয়েছে।

এদিকে, জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার দক্ষিণ লেবাননে একটি বিস্ফোরণে আহত তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী সদস্য ইন্দোনেশিয়ার নাগরিক। এর মাত্র কয়েকদিন আগে পৃথক দুটি বিস্ফোরণে নিহত তিন শান্তিরক্ষীও ইন্দোনেশীয় ছিলেন।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, শুক্রবার বিকেলে এল আদেইসের কাছে একটি জাতিসংঘ স্থাপনার ভেতরে বিস্ফোরণটি ঘটে। এতে তিনজন শান্তিরক্ষী আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে দুজন গুরুতরভাবে আহত হয়েছেন।

জাকার্তায় অবস্থিত জাতিসংঘ তথ্য কেন্দ্র (ইউনিক) জানিয়েছে, বিস্ফোরণের কারণ অজানা, তবে আহত শান্তিরক্ষীদের ইন্দোনেশীয় হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে, যুদ্ধের মধ্যেই শুক্রবার ইরান দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, যাদের বিরুদ্ধে বিরোধী গোষ্ঠী ‘পিপলস মোজাহেদিন অর্গানাইজেশন অফ ইরান’-এর সঙ্গে যোগসাজশ এবং সশস্ত্র হামলা চালানোর অভিযোগ ছিল।

সাম্প্রতিক দিনগুলোতে এই ধরনের সংযোগ থাকা ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাগুলোর মধ্যে এটি সর্বশেষ।

দুবাইয়ে আমেরিকান সংস্থা ওরাকলের একটি ভবনের ওপর হামলা করা হয়েছে, তবে এটি আইআরজিসি করেনি বলে জানিয়েছে।

ইরানে হামলার প্রতিশোধ হিসেবে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যে ১৮টি মার্কিন সংস্থাকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে, ওরাকল সেই তালিকায় ছিল। 

ব্রিটিশ গণমাধ্যম দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, ইরানে হামলা চালাতে গিয়ে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের জন্য মার্কিন বিশেষ বাহিনী ইরানে অভিযান চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা নিয়েছিল পাকিস্তান। তবে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ইরানি কর্মকর্তারা পাকিস্তানে গিয়ে মার্কিনিদের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র আলোচনায় যেসব শর্ত দিচ্ছে সেগুলো অগ্রহণযোগ্যও বলে জানিয়েছে তারা।

-এমএমএস