আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম
ভারতের মহারাষ্ট্রের নাসিক শহরের শিবাজি নগরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কুয়ায় পড়ে একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে ডিন্ডোরি তালুক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চালায়।
নিহতরা হলেন- সুনীল দাত্তু ডারগোডে (৩২), রেশমা সুনীল ডারগোডে (২৭), আশা অনিল ডারগোডে (৩২), খুশি (১৪), শ্রেয়াস (১১), শ্রাবণী (১১), সমৃদ্ধি (৭), রাখী, মাধুরী (১৩)। তারা সবাই মহারাষ্ট্রের ইন্দোর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একটি কোচিং সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠান শেষ করে সবাই গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার ধারের গভীর কুয়ায় পড়ে যায়।
খবর পেয়ে ডিন্ডোরি থানার পুলিশ উদ্ধার কাজে অংশ নেন। স্থানীয় বাসিন্দারাও সাহায্য করেন। সবাইকে উদ্ধার করে ডিন্ডোরি সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নয়জনকে মৃত ঘোষণা করেন। পরে ক্রেনের সাহায্যে গাড়িটি কুয়ার পানি থেকে তোলা হয়।
দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
এমআর