images

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনাদের প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ১০:১১ এএম

ইরানের হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। 

স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) রাতে তারা দেশটিতে ঢোকেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

এরআগে শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। ওই বিমানে দুজন ক্রু ছিলেন। এদের মধ্যে একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

এই অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টারকেও টার্গেট করে গুলি ছোড়ে ইরানের পুলিশ। এতে ওই হেলিকপ্টারের লেজের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে ধোঁয়া বের হয়। 

কিন্তু হেলিকপ্টারটি ওই অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, তবে এখন পর্যন্ত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটের কোনো সন্ধান পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা যখন তাদের ক্রুকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে তখন ওই ক্রুকে ধরতে পাল্টা অভিযান চালাচ্ছে ইরানের সেনারা। 

ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণায় বলা হয়েছে, যদি কেউ মার্কিন বিমানবাহিনীর ওই পাইলটকে জীবিত অথবা মৃত অবস্থায় আটক করতে পারে তাহলে তাকে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

শুক্রবার এফ-১৫ এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানও ভূপাতিত করে ইরানি সেনারা। 

এটি হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরে আছড়ে পড়ে। এ মডেলের বিমান সাধারণ খুব কাছ থেকে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়।

-এমএমএস