images

বিনোদন

ছিনতাইকারীদের কবলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি, গুরুতর আহত

বিনোদন ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ এএম

​রাজধানীতে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি ও তার বাবা। 

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

ঋদ্ধির মা রিফাত লোপা জানান, থিয়েটার ক্লাস শেষ করে বাবার সঙ্গে রিকশায় করে বাসায় ফিরছিল ঋদ্ধি। পথে সম্মেলন কেন্দ্রের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী চলন্ত রিকশা থেকে ঋদ্ধির ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে বাবা ও মেয়ে দুজনেই চলন্ত রিকশা থেকে সড়কের ওপর ছিটকে পড়েন।

তিনি আরও বলেন, ​এই দুর্ঘটনায় ঋদ্ধির সামনের দুটি দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে। ঋদ্ধির বাবাও মাথায় ও কপালে প্রচণ্ড আঘাত পান। ঘটনার পরপরই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তারা বাসায় অবস্থান করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামীকাল শনিবারই ঋদ্ধির ক্ষতিগ্রস্ত দাঁতে অস্ত্রোপচার করতে হবে।

​আহত ঋদ্ধির পরিবার জানিয়েছে, আকস্মিক এই ঘটনায় তারা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। তবে এ বিষয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। 

উল্লেখ্য, মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি এ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'শ্রেষ্ঠ শিশুশিল্পী' হিসেবে ভূষিত হন। ফাখরুল আরেফিন খান পরিচালিত 'গণ্ডি' (২০২০) সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।

এমএইচআর