আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম
ইরানের আকাশসীমায় একটি ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান।
দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র তাদের একজন পাইলটের সন্ধানে আজ সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ হারকিউলিস বিমান অংশ নিচ্ছে; তবে, তাদের প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। ভূপাতিত পাইলট বা ক্রুদের অবস্থান এখনো মার্কিন বাহিনীর নাগালের বাইরে রয়েছে।
এরআগে আইআরজিসি দাবি করে, শুক্রবার সকালে মধ্য ইরানের আকাশে তাদের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তবে এর পাইলট বিমান থেকে বেরিয়ে এসে ইরানের মাটিতে অবতরণ করেন। ওই পাইলট জীবিত আছেন নাকি নিহত হয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়।
এদিকে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রকাশিত বিমানের ধ্বংসাবশেষের ছবি দেখে ধারণা করা হচ্ছে এফ-৩৫ নয় এটি একটি এফ-১৫ যুদ্ধবিমান। এক্ষেত্রে যদি এটি একটি এফ-৩৫ হয়, যেটিতে একটি আসন রয়েছে, সেখানে কেবল একজন পাইলটই থাকার কথা। আর যদি এটি একটি এফ-১৫ হয়, যার দুটি আসনে দুইজন পাইলট থাকতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
অন্যদিকে মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু করেছে ইরানের সামরিক বাহিনীও। আইআরজিসির বাসিজ ও স্থানীয় প্যারামিলিটারি বাহিনীর সদস্যরা ভূপাতিত যুদ্ধবিমানের ক্রুদের খুঁজে বের করার চেষ্টা করছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, দেশটির কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের গভর্নর ঘোষণা করেছেন, যারা মার্কিন পাইলটকে জীবিত ধরতে বা তার কোনো সন্ধান দিতে পারবে, তাদের বিশেষভাবে পুরস্কৃত বা প্রশংসিত করা হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, পুরস্কার ঘোষণার পরই সাধারণ মানুষের নিজস্ব গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
প্রসঙ্গত, কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশটি অত্যন্ত গ্রামীণ এবং পাহাড়ি এলাকা। প্রায় ১৫ হাজার ৫০০ বর্গ কিলোমিটার জুড়ে পাহার ও জঙ্গল বিস্তৃত রয়েছে।
সূত্র: তাসনিম নিউজ, রয়টার্স
এমএইচআর